ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ উদ্দিন খান বলেছেন, ‘আমি সবাইকে নিয়ে চলতে চাই। আমি কোনো রাজনৈতিক দলের আনুগত্যশীল নই।’
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিভিন্ন অভিযোগ নিয়ে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে একটি প্রতিনিধিদল উপাচার্যের সঙ্গে কথা বলতে গেলে তিনি এ কথা বলেন।
রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জামায়াতের প্রতি দুর্বল এবং জামায়াত দ্বারা নিয়ন্ত্রিত।
কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার দায় ঢাবি ভিসিকে নিতে হবে।’
নিয়াজ উদ্দিন খান বলেন, ‘জামায়াতের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে আমরা চেষ্টা করছি। সাদিক কায়েম, হাসনাত, সারজিসের রাজনৈতিক পরিচয় জানা ছিল না।
তাদের আন্দোলনের নেতা হিসেবে চিনতাম। যার জন্য দায়িত্ব নেওয়ার শুরুতে তাদের সঙ্গে যোগাযোগ ছিল।’
তিনি বলেন, ‘সব অংশীজনের মতামতকে সম্মান জানাই। জামায়াতে ইসলামী নয়, কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমার কোনো দিন কোনো সম্পর্ক ছিল না।
আইন-শৃঙ্খলা জোরদার করা হয়েছে। ক্ষুদ্র ও বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে।’
এ সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির উপাচার্যকে প্রশ্ন করে বলেন, ‘জামায়াতের লোকজন প্রবেশপথগুলোতে সকাল থেকে লোক জমায়েত করেছে। এটি নির্বাচনে প্রভাব পড়েছে। এর ব্যবস্থা কেন নেওয়া হয়নি?’
উত্তরে অধ্যাপক ড. নিয়াজ উদ্দিন খান বলেন, ‘বিশৃঙ্খলা এড়াতে আমরা পূর্ণ সচেতন আছি।
৮টা পয়েন্ট নতুনভাবে নিরাপত্তা জোরদার করা হয়েছে।’
এ সময় ঢাবি ট্রেজারার অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘মির্জা আব্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসেছে এটি ভুল তথ্য। যারা মিথ্যা বলছে তাদের শাস্তির ব্যবস্থা করা হোক।’