মিরাজ বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক

বাংলাদেশ ক্রিকেটে এক নতুন অধ্যায়ের সূচনা। তিন ফরম্যাটে তিনজন আলাদা অধিনায়ক দিয়ে এগোতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই অংশ হিসেবে মেহেদী হাসান মিরাজকে ওয়ানডে দলের নতুন অধিনায়ক ঘোষণা করেছে বিসিবি। আগামী বছরের জুন পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন তিনি।

আজ (বৃহস্পতিবার) শ্রীলঙ্কা সফরের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। প্রথম বহরের ক্রিকেটারদের সঙ্গে ছিলেন মেহেদী হাসান মিরাজও। আর একই দিনে পাওয়া গেল বড় এক খবর—প্রথমবারের মতো দীর্ঘমেয়াদে জাতীয় দলের অধিনায়ক হলেন তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ওয়ানডে দলের নেতৃত্ব দেবেন মিরাজ। এই সিদ্ধান্ত এসেছে বোর্ড সভায় পরিচালকদের সুপারিশের ভিত্তিতে, যেখানে সম্মতি দিয়েছেন নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

মিরাজের অধিনায়ক হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন বলেন, ‘ব্যাটিং ও বোলিংয়ে তাঁর ধারাবাহিকতা, নেতৃত্বগুণ এবং মাঠে–মাঠের বাইরে তার ইতিবাচক উপস্থিতি—সব মিলিয়ে বোর্ড মনে করেছে, এ সময়ের জন্য ওয়ানডে নেতৃত্বের জন্য সে-ই সবচেয়ে উপযুক্ত।’

error: