ইংল্যান্ডের রচডেলে ভয়াবহ ছত্রাকে (মোল্ড) আক্রান্ত ঘরে বসবাসের কারণে দুই বছরের শিশু আওয়াব ইশাকের মৃত্যু দেশজুড়ে তীব্র আলোড়ন তুলেছে। শিশুটির পিতা ফয়সাল আবদুল্লাহ বলেছেন, তিনি বারবার অভিযোগ করেও কোনো সাহায্য পাননি, বরং সামাজিক হাউজিং সংস্থা রচডেল বরোওয়াইড হাউজিং (RBH) তাকে “মানুষ হিসেবেই দেখেনি।”
৩৪ বছর বয়সী ফয়সাল আবদুল্লাহ জানান, আওয়াবের জন্মের আগেই তিনি বাসার ছত্রাক সমস্যা সম্পর্কে হাউজিং কর্তৃপক্ষকে সতর্ক করেছিলেন। কিন্তু কেউ কোনো পদক্ষেপ নেয়নি। বারবার অভিযোগের পরও কোনো প্রতিকার না পেয়ে অসহায়ভাবে সন্তানকে সেই অস্বাস্থ্যকর পরিবেশে রাখতে বাধ্য হন তিনি। ২০২০ সালের ডিসেম্বর মাসে মাত্র দুই বছর বয়সে আওয়াব মারা যায় গুরুতর শ্বাসযন্ত্রের সংক্রমণে, যা চিকিৎসকের মতে ভয়াবহ ছত্রাকের সংস্পর্শের ফলেই ঘটে।
ফয়সাল বলেন, “আমি বারবার তাদের বলেছি, কিন্তু তারা আমাকে উপেক্ষা করেছে। মনে হয়েছে, আমাকে মানুষই ভাবে না। আমাকে সেই ঘরে ফেলে রেখেছিল।” ছেলের মৃত্যুর তদন্ত শেষে আদালত নিশ্চিত করেছে, আওয়াবের মৃত্যু সরাসরি ঘরের ছত্রাক সংক্রমণের কারণেই হয়েছে। এরপর সংস্থা RBH প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করে এবং জানায়, তারা “এই ঘটনার থেকে কঠিন শিক্ষা নেবে।”
এই মর্মান্তিক ঘটনার পর যুক্তরাজ্যে কার্যকর হয়েছে ‘আওয়াব’স ল’—একটি নতুন আইন, যার মাধ্যমে সামাজিক আবাসনের মালিকদের নির্দিষ্ট সময়ের মধ্যে বাসাবাড়ির ছত্রাক সমস্যা তদন্ত ও সমাধান করতে বাধ্য করা হয়েছে।