লন্ডনে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটির অভিষেক ও স্টুডেন্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর (সোমবার) সন্ধ্যা ৭টায় বেকটনের জুমিরা হলে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সদস্য ছাড়াও লন্ডনের বিভিন্ন শহর থেকে আগত প্রবাসী বাংলাদেশি ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া। সঞ্চালনা করেন সদ্য সাবেক চেয়ারম্যান আনোয়ার শাহজাহান ও নবনির্বাচিত জেনারেল সেক্রেটারি তারিক রহমান ছানু। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন ট্রাস্টের ইয়ুথ সেক্রেটারি ছরওয়ারদি হাসান।
অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্কিং ও ডেগেনহাম কাউন্সিলের মেয়র কাউন্সিলর প্রিন্সেস ব্রাইট।
বিশেষ অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর সুলুক আহমদ, ক্রয়ডন কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর হুমায়ুন কবির, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাউন্সিলর আব্দাল উল্লাহ এবং রেডব্রিজ কাউন্সিলের কাউন্সিলর ফয়জুর রহমান।
দ্বিতীয় পর্বে নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে মঞ্চে নিয়ে পরিচিতি করিয়ে দেন সদ্য সাবেক চেয়ারম্যান আনোয়ার শাহজাহান। এসময় তিনি সোশ্যাল ট্রাস্ট প্রতিষ্ঠায় যাঁরা তাকে সহযোগিতা ও সমর্থন করেছেন তাঁদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পাশাপাশি নবনির্বাচিত কমিটির কার্যক্রমকে সফল করে তুলতে উপস্থিত সকলকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আহ্বান জানান।
এসময় নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া, জেনারেল সেক্রেটারি তারিক রহমান ছানু, ট্রেজারার সাইফুল ইসলাম, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিত এবং প্রতিষ্ঠাতা ট্রেজারার বদরুল আলম বাবুল বক্তব্য প্রদান করেন। তৃতীয় পর্বে যুক্তরাজ্যের গোলাপগঞ্জের কৃতী শিক্ষার্থীদের মধ্যে অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বিশিষ্ট লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহান ও আইঅন টিভির জনপ্রিয় উপস্থাপক মিতা বেগমের সঞ্চালনায় এ-লেভেল ও জিসিএসসি’র ১০ জন মেধাবী শিক্ষার্থীকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন অতিথিবৃন্দ।